বগুড়ার শেরপুরে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শাহিন আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শাহিন আলম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে। তিনি শিশুটির প্রতিবেশী।
থানায় দায়ের করা এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে শিশুটি মামুরশাহী গ্রামে দাদা-দাদির কাছে থাকে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি খেলতে বাড়ির বাইরে যায়। এ সময় প্রতিবেশী শাহিন আলম বিস্কুটের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নেন। পরে দুপুর ১টার দিকে বসতবাড়ির পেছনে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির কান্নার শব্দ শুনে তার দাদি ঘটনাস্থলে পৌঁছালে শাহিন পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়েছে, পরদিন ২০ নভেম্বর শিশুটির দাদা ও স্থানীয় লোকজন শাহিনকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি ঘটনার কথা স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন শাহিনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সেদিন সকাল ১১টার দিকে শিশুটির দাদি বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



