অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে আগে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু ব্যবহার করে মাল্টাবাগানের গাছ কেটে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করেন।
ওলিয়ার রহমান বলেন, সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান তার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



