অল ক্রাইমস.টিভি ডেস্ক
গতবারের মতো এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আইপিএলের প্রচলিত নিয়ম ভেঙে আবারও গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেগা ফাইনাল। ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আগামী ৩১ মে সেই ট্রফি নির্ধারণী ম্যাচ আর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। এর আগেও কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয়ের পর ইডেন গার্ডেনসে ফাইনাল না করে তা আমদাবাদে আয়োজন করা হয়েছিল। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু কর্তৃপক্ষ বোর্ডের নির্ধারিত কড়া প্রোটোকল ও নির্দেশিকা পূরণে অক্ষমতা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেঙ্গালুরু এবার শুধু ফাইনাল নয়, প্লে-অফের কোনো ম্যাচই আয়োজন করতে পারছে না।
সাধারণত আগের আসরের চ্যাম্পিয়ন দল ফাইনালসহ একটি প্লে-অফ ম্যাচ আয়োজনের সুযোগ পায়। কিন্তু এবার যাতায়াত ও ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে সেই সুযোগও বাতিল করা হয়েছে।
গত বছর বেঙ্গালুরুর শিরোপা জয়ের উদযাপন চলাকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১ জন সমর্থকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রভাব এখনো কাটেনি। নিরাপত্তা ঝুঁকির কারণে রয়্যাল চ্যালেঞ্জার্সের বাকি দুটি ঘরের ম্যাচও ইতোমধ্যে ছত্তীসগढ़ের রায়পুরে সরিয়ে নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২৬ মে হিমাচল প্রদেশের ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে মুল্লানপুরে। সবশেষে ৩১ মে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।



