অল ক্রাইমস.টিভি ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে হওয়া এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কামাল (৪০)। তিনি রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের আপন ছোট ভাই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার (৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর একটি বিশেষ দল সেখানে পৌঁছায়। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পর গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামালকে উদ্ধার করে ক্যাম্পের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে পুরো ক্যাম্প-৮ ইস্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিয়ন্ত্রণ ও মাদক চোরাচালানের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, যার ফলশ্রুতিতে এই আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে, ঠিক আগের দিন অর্থাৎ গত ৫ মে রাতে একই ক্যাম্পে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম নামের আরেকজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছিলেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি শীর্ষ সন্ত্রাসী হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় ক্যাম্পগুলোতে বসবাসরত সাধারণ অবুজ রোহিঙ্গা নাগরিকদের মাঝে বর্তমানে তীব্র আতঙ্ক ও গভীর উদ্বেগ বিরাজ করছে।



