অল ক্রাইমস. টিভি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ ২০২৫ মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় অন্তত পাঁচজন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল।
ফিক্সিং অভিযোগের তদন্তে গঠিত কমিটি দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়। পরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল সেটি পর্যালোচনা করে কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।
তামিম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হয়নি। বিসিবি শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে।
সংবাদ সম্মেলনে বিপিএলের আর্থিক ও প্রশাসনিক দুর্বলতাও তুলে ধরেন তামিম। তিনি বলেন, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি এবং টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বিসিবিকে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তার মতে, সঠিক ও দায়িত্বশীল ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে শুধু আয়োজনের জন্য বিপিএল চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই।



