পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে, এটি কোনো ব্যক্তিগত চুক্তি নয়। তাই ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব নয়, তবে দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে চুক্তির কাঠামোর মধ্যেই সংশোধনের সুযোগ রয়েছে।

শুক্রবার সকালে সিলেট-এর বাইশটিলা এলাকায় জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে উভয় পক্ষের স্বার্থের ভারসাম্য থাকে এবং সেটিই “উইন-উইন সিচুয়েশন” তৈরি করে।

নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের সামান্য মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যুক্তিসংগত নয়। কেউ বাজারে কারসাজি করলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, জ্বালানির দাম সামান্য বাড়ার অজুহাতে ডিম বা অন্যান্য পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়।

সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবসা পরিচালনায় দক্ষ নয় বলেই অনেক ক্ষেত্রে লোকসান হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে দিলে কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বাইশটিলায় প্রস্তাবিত পর্যটন প্রকল্প নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ৪৩ একর জমিতে ন্যাচারাল পার্ক গড়ে তোলা হবে, যেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ নানা সুবিধা থাকবে। এটি সিলেটের নতুন পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান খবর

আসছে...