পরীক্ষামূলক সংস্করণ

শেখ হাসিনার নির্দেশ ছিল ‘যেখানে পাবে সোজা গুলি করবে’: চিফ প্রসিকিউটর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যকার কথোপকথনে ‘যেখানে পাবে সোজা গুলি করবে’ এবং ‘মারণাস্ত্র ব্যবহার’ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনার প্রমাণ পাওয়া গেছে। একজন সরকারপ্রধানের কাছ থেকে আসা এমন অমানবিক নির্দেশনার ফলেই সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে হাজার হাজার মানুষ প্রাণ হারান।

সংবাদ সম্মেলনে ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের সেই দিনগুলোতে মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের দমনে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। এতে অসংখ্য মানুষ হতাহত হন। বিশেষ করে কিশোর ফাইয়াজকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করার ঘটনাটি পুরো বাংলাদেশকে স্তব্ধ ও আবেগাপ্লুত করে দিয়েছিল। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন যে, এই মামলার তদন্তে উচ্চতর কমান্ডের দায়বদ্ধতা (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি), ব্যক্তিগত দায়বদ্ধতা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করে হত্যার (টার্গেটেড কিলিং) সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোহাম্মদপুরের এই মামলায় আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আদালত আগামী ৮ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। সংবাদ সম্মেলনে এই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। চিফ প্রসিকিউটর দৃঢ়তার সাথে বলেন যে, যারা সরাসরি এবং নেপথ্যে থেকে এমন নৃশসং হত্যাকাণ্ড ও গুলির নির্দেশ দিয়েছিলেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। ২০২৪ সালের সেই রক্তাক্ত দিনগুলোর প্রতিটি বিচারিক নথিতে শেখ হাসিনার এই ‘সোজা গুলি করার’ নির্দেশটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...