অল ক্রাইমস.টিভি ডেস্ক
নাটোরের লালপুরের গ্রিন ভ্যালী পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে শ্লীলতাহানি ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে হয়রানি করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর মোহনপুর উপজেলার আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার রাসেল ইসলাম (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার গ্রিন ভ্যালী পার্কে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শতাধিক টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।
বিকেল ৩টার দিকে পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই বিদেশি নাগরিককে দেখে ১০-১২ জন যুবক তাদের ঘিরে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর ওই বিদেশি পর্যটকদের লক্ষ্য করে ‘তুমি পর্ণ স্টার’ এবং ‘তুমি মিয়া খলিফার স্বামী না?’—এমন চরম কুরুচিপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় বিদেশি নাগরিকরা অত্যন্ত বিব্রতকর ও আতঙ্কিত অবস্থায় পড়ে যান। ভিডিওটি ধারণ করে টিকটকার আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন অসভ্য আচরণের ঘটনায় গ্রিন ভ্যালী পার্ক কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, এ ধরনের অসভ্য আচরণ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে। পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন।



