জ্বালানির দাম আবারও বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে বারবার জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলেও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না।
সোমবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কখনো বাড়ে, কখনো কমে। কিন্তু দেশে জ্বালানির মূল্য প্রায় সবসময়ই বাড়তে দেখা যায়। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়।
তিনি অভিযোগ করেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাজারে যে মূল্যবৃদ্ধি ঘটে, তা পরে আর কমতে দেখা যায় না। ফলে সাধারণ মানুষ ক্রমাগত অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন। তার মতে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের যুক্তি দেখিয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপানো কোনো টেকসই সমাধান হতে পারে না।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়ে চলেছে। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জীবনযাত্রার চাপ কমবে, কিন্তু বাস্তবে তারা নতুন নতুন মূল্যবৃদ্ধির মুখোমুখি হচ্ছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব সরকারের। সব ধরনের চাপ জনগণের ওপর চাপিয়ে না দিয়ে মানুষের আর্থিক কষ্ট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা করে জ্বালানির মূল্য নির্ধারণের দাবি জানান তিনি।



