বরগুনার আমতলীতে চালকের পরিবর্তে হেল্পারের বাস চালানোর অভিযোগের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়েছে ইমরান পরিবহনের একটি বাস। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত যাত্রীদের উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চার থেকে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে ইমরান পরিবহনের বাসটি কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, সকালে বাস দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান, বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের একটি স্টপেজে বাসের চালক নেমে যান। এরপর বাসটি চালাচ্ছিলেন হেল্পার। সড়কের একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। বাসের চালক ও হেল্পার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।



