নিজস্ব প্রতিবেদক
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাম্মদ আফিফুজ্জামান (কাজী সোহাগ) প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
আজ সোমবার এক যৌথ বিবৃতিতে ডিজাবের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুমসহ সংগঠনের নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ মে বিকেল ৪টা ৭ মিনিটে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে কাজী সোহাগের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে নিজেকে ‘ফয়সাল’ পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতা তাঁকে বিদেশ থেকে দেশে ফিরে ক্ষতি করার এবং প্রয়োজন হলে ভাড়াটে লোক দিয়ে হত্যা করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
কাজী সোহাগের অভিযোগ, এর আগেও দুবাইয়ের একটি নম্বর থেকে তাঁকে একাধিকবার একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি আজ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২৯।
বিবৃতিতে ডিজাব নেতারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া উদ্বেগজনক। এটি সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার দ্রুত ও কার্যকর তদন্ত হওয়া প্রয়োজন।



