‘শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়?’— এই প্রশ্ন তুলে উগ্রবাদের উত্থান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে দর্শকনন্দিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক আবহ তৈরি করে তৈরি একটি সুস্থ ধারার সিনেমা। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যে রাষ্ট্র ৬ বছরের অবুজ শিশুকে ধর্ষণ ও বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যে রাষ্ট্র দেশের দুর্নীতি, কোটি কোটি টাকা পাচার আর ব্যাংকলুট বন্ধ করতে পারে না— সেই রাষ্ট্র কী করে একটি সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনী বন্ধে ইন্ধন ও মদদ দেয়? বিগত দুই বছরের দেশের অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, এই সময়ে একের পর এক মাজার ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটেছে এবং দেশজুড়ে দক্ষিণপন্থী বা ডানপন্থী উগ্রবাদের এক ভয়াবহ উত্থান আমরা দেখেছি। কিন্তু আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের মাটি ও সংস্কৃতি কখনোই এমন উগ্রবাদী ছিল না। এ দেশের চিরচেনা সকালে যেমন পবিত্র কোরআন তিলাওয়াত শোনা গেছে, তেমনি একই সাথে বিকেল বেলা ছোট্ট বাচ্চাদের হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজ করতেও দেখা গেছে। তাহলে কোন বিশেষ স্বার্থান্বেষী মহল আজকে এই সম্প্রীতির বাংলাদেশকে মৌলবাদের চারণভূমি বানাতে চায়? তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধ ও শিশু নির্যাতন দমনে ব্যর্থ রাষ্ট্র ধর্ম ও সংস্কৃতির এই সহাবস্থানকে গলা টিপে হত্যা করে নতুন প্রজন্মকে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। উক্ত মানববন্ধনে উগ্রবাদের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতিকার জাবেদ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্জয় মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, এর আগে গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কওমি মাদরাসার শিক্ষার্থীদের তীব্র বাধা ও আন্দোলনের মুখে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’ তাদের পূর্বনির্ধারিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করতে বাধ্য হয়। এছাড়া একই দিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশ ও উপজেলা প্রশাসন সশরীরে গিয়ে সিনেমাটির প্রদর্শনী জোরপূর্বক বন্ধ করে দেয় বলে আয়োজকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।



