ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর কিয়েভে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ক্রেমলিন। যদিও ওই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইউক্রেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে রাতভর হামলায় অন্তত চারজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। একটি ২৪ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা আবাসিক ভবনসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে। ওবোলোন জেলায় কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। খোলা জায়গার দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে, যার একটি একটি শিশু শিক্ষাকেন্দ্রের কাছাকাছি।
হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের ভূগর্ভস্থ রেলস্টেশনগুলোতে ছুটে যান। অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও গদি সঙ্গে নিয়ে সেখানে আশ্রয় নেন। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা ও বিস্ফোরণের শব্দে পুরো রাজধানী কেঁপে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর হওয়ার পরও কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।



