নড়াইলে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইল-লোহাগড়া সড়কের বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের পুলেরহাট এলাকার জাহানারা বেগম (৫৫) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরকোলাকোপা গ্রামের বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম তার মৃত স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে যশোরে ফিরছিলেন। পথে বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহানারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সে নিহত নারীর ছেলে পুলিশের এসআই আবু তালেবসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন। দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



