ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে হংকংভিত্তিক কোম্পানির রাসায়নিক ও তেলবাহী জাহাজ ‘মেমেই’ কালো তালিকাভুক্ত হওয়ায়, চট্টগ্রামের পারকি উপকূলের বহির্নোঙরে আটকে থাকা প্রায় ৬১ কোটি টাকা মূল্যের জাহাজটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান এসএন করপোরেশন।
ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার জেরে নজিরবিহীন সংকটে পড়েছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প। ভাঙার জন্য আমদানি করা পালাউয়ের পতাকাবাহী ‘মেমেই’ নামের একটি বিশাল কেমিক্যাল ও তেলবাহী ট্যাংকার জাহাজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করায় এই জটিলতা তৈরি হয়েছে। এর ফলে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে আছে এবং আমদানিকারক প্রতিষ্ঠান এটিকে সৈকতে বা ইয়ার্ডে ভেড়াতে পারছে না।
উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৬০ কোটি ৮৮ লাখ টাকা (প্রায় ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) স্ক্র্যাপ মূল্যের এই জাহাজটি মূল মালিকের কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান শওকত আলী চৌধুরীর মালিকানাধীন ‘এসএন করপোরেশন’। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, জাহাজ ক্রয়ের পর আমদানিকারক জানতে পারেন এটি মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে। আগে খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটি এটি ক্রয় করত না। বিষয়টি জানার পর সাথে সাথেই জাহাজটি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আর ভাঙার জন্য ইয়ার্ডে ভেড়ানো হবে না।
আন্তর্জাতিক নৌপরিবহন সংক্রান্ত তথ্য ও জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ৪৪ হাজার ৮০০ টন ধারণক্ষমতার ১৯৯৭ সালে নির্মিত এই রাসায়নিক ও তেলবাহী ট্যাংকার জাহাজটি গত ২২ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজটি চট্টগ্রামের আনোয়ারার পারকি উপকূল থেকে অল্প দূরে নোঙর করে আছে। জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কয়েক দিনের মধ্যেই, গত ২৮ মে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জাহাজটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই জাহাজটি ২০২৪ সালের জুলাই মাসে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত ছিল। এই কারণে জাহাজটির পাশাপাশি এর নিবন্ধিত মালিক হংকংভিত্তিক এভার শাইনিং লিমিটেডকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
নিষেধাজ্ঞা ঘোষণার ঠিক আগে জাহাজটি ভাঙার জন্য বিক্রি করা হয়েছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট আন্তর্জাতিক আইনি ও বাণিজ্যিক জটিলতায় স্থানীয় কর্তৃপক্ষ এবং আমদানিকারক প্রতিষ্ঠান জাহাজটি ভাঙা অসম্ভব বিবেচনা করে তা ফেরত দেওয়ার চূড়ান্ত উদ্যোগ নিয়েছে।



