ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা। এবারের আসরে বাংলাদেশের জন্য গর্বের খবর হলো, একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজিন গনি।
জানা গেছে, ফারজিন গনি ইতোমধ্যে ২ জুন কানাডার টরন্টোর উদ্দেশে যাত্রা করেছেন। ফিফা বিশ্বকাপের বিভিন্ন কার্যক্রমে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই মেগা ইভেন্ট।
ফিফা কর্তৃপক্ষ এবারের বিশ্বকাপের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে। এসব ভলান্টিয়ার স্টেডিয়াম পরিচালনা, দর্শকসেবা, টিকিট ব্যবস্থাপনা, তথ্য সহায়তা এবং মিডিয়া সমন্বয়সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
আয়োজক সংস্থা ভলান্টিয়ারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, আবাসন এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করেছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই বিশ্বকাপে স্বেচ্ছাসেবকেরা আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপ আয়োজনের সফলতায় ভলান্টিয়ারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা ও সহযোগিতা ছাড়া এমন বিশাল আয়োজন পরিচালনা করা সম্ভব নয়।
বাংলাদেশি তরুণ ফারজিন গনির এই অর্জন দেশের ফুটবলপ্রেমী ও তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।



