নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র সিনিয়র সদস্য সাঈদুর রহমান রিমনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ যোহর সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাযায় ক্র্যাব ও ডিআরইউর সদস্যরা অংশ নেন।
জানাযায় উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি ওমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।
সাবেক নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি মনজুরুল বারী নয়ন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রানা, শাহরিয়ার আরিফ, ক্র্যাবের সিনিয়র সদস্য মাহমুদুর রহমান খোকন, সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ প্রমূখ জানাযায় অংশ নেন।
নামাজে জানাযা শেষে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। ক্র্যাব এবং ডিআরইউ নেতৃবৃন্দ সাঈদুর রহমান রিমনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সাঈদুর রহমানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য দেন ক্র্যাবের সহ-সভাপতি ওমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এবং ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমূখ।
গতকাল বুধবার (৩০ ফেব্রুয়ারি) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে এসে দুপুর ১১টার দিকে তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে পাশের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে সাঈদুর রহমান রিমনের মৃত্যুত ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি ওমর ফারুক আল হাদী ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রাতে নামাজে জানাজা শেষে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। বন্ধু বৎসল, সদা হাস্যোজ্জ্বল এই গুণী সাংবাদিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি গাজীপুরের দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে দীর্ঘ সময় বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য প্রতিভার অধিকারী তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিংসহ অনেক পুরস্কার লাভ করেন।



