ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত এক বিশাল বিক্ষোভে যোগ দিয়েছেন।
ভারতের পরীক্ষা-সংক্রান্ত নানা অনিয়ম ও ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনলাইনভিত্তিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু নিশ্চিত করেছে যে, এই বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার (৬ জুন) রাজধানী দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে জোরদার করা হয়েছে এবং আন্দোলনকারীরা দিল্লির ঐতিহাসিক যন্তর-মন্তরে সমবেত হয়েছেন। সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দেওয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সবাইকে ভালোবাসা ও শান্তির মাধ্যমে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ভারতের বিখ্যাত শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়য়াংচুকও আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনিও এই আন্দোলনে যোগ দেবেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত অভিজিৎ দীপকের পৈতৃক বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। জোন-১-এর উপ-পুলিশ কমিশনার পঙ্কজ অতুলকর জানান, দীপকে ভারতে আসার পর তাঁর বাড়ির সামনে যাতে অপ্রয়োজনীয় ভিড় বা বিশৃঙ্খলা না হয়, সেজন্যই এই বাড়তি নিরাপত্তা এবং প্রয়োজনে আরও পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ কর্মকর্তা আরও জানান যে, বর্তমানে দীপকের বাবা-মা ওই বাড়িতে অবস্থান করছেন না। এই বিক্ষোভকে ঘিরে পুরো দিল্লিতে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লেও আন্দোলনকারীরা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির ওপরই জোর দিচ্ছেন।



