রংপুরের মিঠাপুকুরে অবৈধ মাদক বিক্রি নিয়ে শত্রুতার জেরে চারজনকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০) নামে দুই ভাইকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৮ জুন) র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা মিঠাপুকুর থানার মো. সোলেমান মিয়ার ছেলে এবং তারা সম্পর্কে আপন ভাই। মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই ঘটনায় নিহত সাজু মিয়ার (৫৫) ভাগিনা মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের অবৈধ মাদক ব্যবসার বিরোধিতা ও বিক্রি করাকে কেন্দ্র করে ভিকটিম সাজু মিয়ার সঙ্গে তাদের তীব্র শত্রুতার সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাতে আসামি রফিকুল ইসলাম কৌশলে সাজু মিয়া এবং তাঁর তিন বন্ধুকে নিজের আম ও মালটা বাগানে ডেকে নিয়ে যান। সেখানে তাদের বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণে মদ পান করানো হয়।
মদ পানের পর সাজু মিয়াসহ তাঁর বন্ধুরা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের সদস্যরা সাজু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা বাকি তিন বন্ধুও বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় গত ২ জুন মিঠাপুকুর থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। অবশেষে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে পলাতক ওই দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।



