মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন ষাটোর্ধ্ব মেয়ের বঁটির আঘাতে তার ৯৫ বছর বয়সী বৃদ্ধা মা খুন হয়েছেন।
মঙ্গলবার ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগমের বয়স ৯৫ বছর, তিনি মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত মেয়ের নাম রোকেয়া বেগম, যার বয়স ৬০ বছর। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী এবং নিহতের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে মা রিজিয়া বেগমের সঙ্গে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকেয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তার বৃদ্ধ মায়ের মাথায় আঘাত করেন। বঁটির আঘাতে ঘটনাস্থলেই রিজিয়া বেগমের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মেয়ে তার বড় ভাই মোফাজ্জল হোসেন ও তার ছেলে রাসেলকে ডেকে জানান যে তাদের মা মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মেয়ে রোকেয়া আক্তারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



