লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ৯ জুন দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লারহাট বাজারের উত্তর পাশে সলিংয়ের মাথাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধ ও পাওনা টাকাকে কেন্দ্র করে ঘটনার সময় আলমগীর চৌকিদার এবং সিরাজ ভাণ্ডারীর লোকজনদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
এ ঘটনার খবর পেয়ে রায়পুরের চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক ও সহকারী উপপরিদর্শক মো. সাইফুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয়রা আহত দুই নারীসহ চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহত সিরাজসহ তার পরিবারের সদস্যরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাজীমারা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. সাইফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষের থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



