রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামক একটি প্রতিষ্ঠানে ঢুকে মাস্ক পরিহিত দুর্বৃত্তদের হামলা, কর্মীদের মারধর ও মালামাল লুটের ঘটনায় জড়িত ইরফান নামের এক ছাত্রদল নেতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘ডট ইন্টারনেট’ অফিসে ২০-২৫ জনের একটি মাস্ক পরা দুর্বৃত্তের দল জোরপূর্বক প্রবেশ করে। সিসি ক্যামেরার ফুটেজ ও মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা অফিসে ঢুকে প্রতিষ্ঠানের অংশীদার মিঠু হাওলাদার ও প্রদীপ ঢালীকে খুঁজতে থাকে এবং সেখানে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালালকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আহতরা পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। দুর্বৃত্তরা যাওয়ার সময় অফিস থেকে একটি কম্পিউটার বা সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইলসহ আনুমানিক ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে এবং কর্মীদের হুমকি দেয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১১ জুন) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঘটনার সঙ্গে জড়িত ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে আজ আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তার ইরফান ঢাকা মহানগর উত্তরের ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য এবং পুলিশ এই ঘটনায় মহানগর উত্তরের সদস্য মাইনুদ্দিন মাহিন, টিপু ও সোহাগ নামের আরও তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।



