দেশের আইসিটি ও টেলিকম খাতকে গতিশীল করতে এবং সাধারণ মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও সাশ্রয়ী করার লক্ষ্যে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা সুনির্দিষ্ট কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই যুগান্তকারী প্রস্তাব করেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে দেশের একটি অন্যতম ‘থ্রাস্ট সেক্টর’ বা সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তুলতে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এরই ধারাবাহিকতায় মোবাইল সিমের ৩০০ টাকা ট্যাক্স পুরোপুরি মওকুফের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই জনবান্ধব পদক্ষেপের ফলে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমলেও, সাধারণ গ্রাহকদের জন্য নতুন সিম কেনা বা মোবাইল সেবা গ্রহণ করা আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য ও সাশ্রয়ী হবে।



