রাতে পরিবারের সাথে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে থাকা এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ সকালে নিজ বাড়ির সামনের রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকালে বরগুনার পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে ৪০ বছর বয়সী মিজানুর রহমান নামের ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে রিকশা চালিয়ে মিজানুর রহমান বাড়িতে আসেন এবং রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হলেও পরিবারের সদস্যরা তা টের পাননি। সকালে বাড়ির সামনের রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এই বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায় এবং পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।



