কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা মানহানির মামলায় আত্মসমর্পণের জন্য রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। দুপুরে তার আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণের উদ্দেশ্যে তিনি দুপুরে সিরাজগঞ্জ আদালতে আসবেন।
মামলার তথ্য অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এখন তার আত্মসমর্পণ ও জামিন আবেদন নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।



