জার্মানি বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে। রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯, যা ব্রাজিলের ২৩৮ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ম্যাচে জোড়া গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই জার্মানিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকায় এখন শীর্ষে জার্মানি (২৩৯)। দ্বিতীয় স্থানে ব্রাজিল (২৩৮), তৃতীয় স্থানে আর্জেন্টিনা (১৫২), চতুর্থ স্থানে ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম স্থানে ইতালি (১২৮) রয়েছে।
এছাড়া বিশ্বকাপে চারবার সাত বা তার বেশি গোল করার অনন্য রেকর্ডও জার্মানির দখলে। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে দলটি।
কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি এবার শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরলেও পরে জার্মান আক্রমণের সামনে টিকতে পারেনি।



