দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ বোতল নেশাজাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে পৃথক দুটি মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৭১৮ বোতল নেশাজাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান রোধ, অবৈধ পণ্য উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



