শরীয়তপুরের নড়িয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে মাওলানা জাকির হোসেন নামে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। গত সোমবার (১৫ জুন) বিকালে ওই এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাল্যবিবাহের আয়োজনের সত্যতা মেলায় তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের সুনির্দিষ্ট প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়। আইন অমান্য করে এই বাল্যবিয়ে পড়ানোর অপরাধে নিকাহ রেজিস্ট্রার মাওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বর, বরের বাবা-মা এবং স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কাইয়ুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় সামাজিক অপরাধ। সমাজ থেকে এই অপরাধ ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা এমন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন, তাদের বিরুদ্ধেও অত্যন্ত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।



