২০২৬ বিশ্বকাপে ইরান দলের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণকে ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি। ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে দলের প্রস্তুতি ও পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছে ইরান।
শুক্রবার মেক্সিকোর তিহুয়ানায় ইরান দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোমবেনি। এর আগে বিষয়টি নিয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন।
মোমবেনি বলেন, এটি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে নিয়ম ও চুক্তির ব্যত্যয় ঘটছে। তার মতে, এমন পরিস্থিতি শুধু ইরানের জন্য নয়, বিশ্ব ফুটবলের জন্যও নেতিবাচক বার্তা বহন করে এবং এটি বিশ্বকাপ ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।
রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলবে ইরান। ম্যাচটি স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দলটি দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিল। তবে ইরানের দাবি, সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ বেলজিয়াম ম্যাচের দুই দিন আগেই ক্যালিফোর্নিয়ায় পৌঁছে গেছে।
যুক্তরাষ্ট্র প্রশাসন অবশ্য ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।
ফিফার বিশ্বকাপ নীতিমালায় সাধারণভাবে দলগুলোকে ম্যাচের আগের দিন ভেন্যুতে যাওয়ার নির্দেশনা দেওয়া থাকলেও বিশেষ পরিস্থিতিতে দুই দিন আগেও ভ্রমণের সুযোগ রয়েছে। ইরানের দাবি, তাদের ক্ষেত্রেও সেই ব্যতিক্রমী সুবিধা প্রযোজ্য হওয়া উচিত ছিল।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আয়োজকদের কড়া সমালোচনা করেছেন মোমবেনি। তিনি বলেন, আয়োজকদের ফিফার নিয়ম সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত ছিল এবং এমন পরিস্থিতি সৃষ্টি না করাই ভালো হতো।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। চলমান রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরান দলের অংশগ্রহণ বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।



