বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত হতে সময় লাগার কারণে আগামী ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা নেই।
রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত “বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা” শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, “নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।” একই অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, “আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন। এর আগে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সম্পন্ন করতে সক্ষম হবে।”
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।



