জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময় অতিক্রম করায় সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।”
রোববার (২১ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় স্পিকারের এই মন্তব্যের পর সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। বক্তব্যের শুরুতে নিলোফার চৌধুরী মনি প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, “কয়েকদিন আগে বিরোধী দলের এক সংসদ সদস্য অভিযোগ করেছেন যে কওমি মাদরাসাগুলো বাজেটে বরাদ্দ পায়নি। কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না। দলের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন।” সংসদে তরুণ প্রতিনিধিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সংসদে তরুণদের আটজন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না, শুধু গণভোট নিয়ে কথা বলেন।” এ সময় এক সংসদ সদস্যের মুক্তিযোদ্ধা পরিচয় সংক্রান্ত বক্তব্য নিয়েও প্রশ্ন তুলে নিলোফার চৌধুরী মনি বলেন, “একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকা সত্ত্বেও তাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়।” পরে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন যে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্যটি ছিল অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’, যা ওই সদস্য নিজেও স্বীকার করেছেন এবং এর আগেও সংসদে এ নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলমান রয়েছে এবং সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।



