প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সরাসরি কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা টাঙ্গাইলের বিশিষ্ট কৃষক কবির হোসেনের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে স্থানীয় তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আলোচিত এই কৃষক। মরহুম কবির হোসেনের জানাজার নামাজ শুরু হওয়ার আগে সেখানে উপস্থিত হওয়া হাজারো মুসল্লির উদ্দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী তার বক্তব্যে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবির হোসেনের এই শেষ জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। জানাজায় উপস্থিত হয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, স্থানীয় কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিধিবৃন্দ। দাফন সম্পন্ন করার সময় উপস্থিত সকলেই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তিদানের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।



