ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার পর মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে এজাহারনামীয় ও সন্দেহভাজন ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় কার্যালয়ে বসেছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। সেই সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা করছিলেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের ওপর চড়াও হয়ে তাদের কাছ থেকে বিজুকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ রাতে মামলা দায়ের করে এবং আসামিদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত চলছে।



