অল ক্রাইমস.টিভি ডেস্ক
ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যোগ দেবে না ইতালি। দেশটি জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ইতালির সংবিধান ও শান্তি পর্ষদের সনদের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে, যা আইনগতভাবে সমাধানযোগ্য নয়। তবে তিনি শান্তি উদ্যোগসংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
ইতালির এ সিদ্ধান্তের ফলে শান্তি পর্ষদে যোগ না দেওয়া ইউরোপীয় দেশগুলোর তালিকায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও স্পেনের সঙ্গে ইতালির নাম যুক্ত হলো। জাতিসংঘ গত বছর যুদ্ধোত্তর গাজার জন্য এই পর্ষদের অনুমোদন দিয়েছিল।
গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এখন পর্যন্ত ট্রাম্পসহ ২০ দেশের নেতা এর সনদে স্বাক্ষর করেছেন।
ইতালি জানায়, শান্তি পর্ষদের সনদে ট্রাম্পকে ভেটোক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা রাষ্ট্রগুলোর মধ্যে সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে পারে। এর এক দিন আগে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।
শান্তি পর্ষদের ওয়েবসাইট অনুযায়ী, কাতার ও মিসরসহ ২৬টি দেশ এতে যোগ দিয়েছে।



