খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের তিন সদস্যকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেখুংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন— গুইমারার লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), কলাপাড়া এলাকার সুমইল্যা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই উপজেলার মানসিপাড়া এলাকার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।
পুলিশের দাবি, সেনাবাহিনীর হাতে আটকদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ধারালো চাকু, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ উদ্দিন জানান, আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সংঘাত বৃদ্ধি ও চাঁদাবাজির কারণে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই সদস্য নিহত হন। এর মধ্যে রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় একজন এবং দীঘিনালায় প্রতিপক্ষের হামলায় আরেকজন নিহত হন। একই সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একটি একে-৪৭ রাইফেলসহ সংগঠনটির আরো এক সদস্য আটক হয়েছে।



