রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।আজ বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর ধানমণ্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি শেষ হওয়ার পর পেশাগত দায়িত্ব হিসেবে সংবাদ ও তথ্য সংগ্রহের সময় সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। যদিও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে একটি ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করা হয়েছে এবং এর সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, তথাপি সম্পাদক পরিষদ মনে করে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে হুবহু উল্লেখ করেন, ‘‘যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।’’ একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের জন্য একটি নিরাপদ, স্বাধীন ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও জোর আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।



