পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা এবং সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মাহাবুব আলী মুয়াদ তাদের জামিন নামঞ্জুর করেন এবং সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার জামিন শুনানি ও আসামিদের কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল।
আদালতে পেশকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং তারা সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরবর্তীতে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি গোপন ভিডিও গত ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ঘটনার প্রেক্ষিতে গত ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া এবং তার স্ত্রী কাজী মৌসুমীসহ মোট ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১২০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক মানিক মিয়া। ওই নাশকতার মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ বিজ্ঞ বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।



