রাশিয়ার সেনাদের জন্য চীনের একটি গোপন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি গত বছর অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং এই কর্মসূচিতে অন্তত চারজন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে দুই ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউরোপীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত এই প্রশিক্ষণে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততা রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। বিষয়টি ইউরোপে গভীর উদ্বেগ তৈরি করলেও বেইজিং এমন কোনো প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বার্তাসংস্থা রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথিতে ২০২৫ সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভের জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার তথ্য উঠে এসেছে, যার অনুমোদনের পর রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণ নিতে দেশটি সফর করে। গত নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বিষয়ে তিন সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়, যেখানে রুশ সেনারা চীনা প্রশিক্ষকদের কাছ থেকে পাঠ নেন, একটি মডেল পারমাণবিক চুল্লি পরিদর্শন করেন এবং রাসায়নিক গোয়েন্দা কার্যক্রম, তেজস্ক্রিয়তা শনাক্তকরণ ও দূষণের মধ্যে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখার কৌশল শেখেন। এক ইউরোপীয় কর্মকর্তা জানান, অত্যন্ত সংবেদনশীল এই তেজস্ক্রিয়, জৈবিক ও রাসায়নিক যুদ্ধবিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হওয়ায় এই সামরিক বিনিময়ের কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। গত মাসে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও সামরিক নথির বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, গত নভেম্বরে চীন প্রায় ২০০ রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কেউ কেউ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস ১৫ জুন জানান যে ব্রাসেলস নিজস্ব সূত্রে এই প্রশিক্ষণের তথ্য নিশ্চিত করেছে এবং এর প্রভাব মূল্যায়ন করছে, যদিও বেইজিং এই মন্তব্যকে ‘নিরেট অপপ্রচার’ এবং ক্রেমলিন একে ‘ভুল তথ্য’ বলে অভিহিত করেছে। রয়টার্সের হাতে আসা রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রতিবেদনে নানজিংয়ে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই তুলে ধরে চীনের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, রাশিয়ার স্থলবাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং পিএলএর মেজর জেনারেল লি জিনসুন ও রুশ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ এই প্রশিক্ষণে সরাসরি যুক্ত ছিলেন।



