ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি (এলপিজি) গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। কমিশন জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
এলপি গ্যাসের নতুন মূল্য কার্যকর হওয়ায় ভোক্তারা সিলিন্ডার গ্যাস ও অটোগ্যাস ব্যবহারে আগের তুলনায় কম খরচে সুবিধা পাবেন।



