পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের দিকে যাওয়ার পথে পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানান, প্রাথমিক প্রতিবেদনে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ছেড়েছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাসের অতিরিক্ত যাত্রীদেরও এতে তোলা হয়।
খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতা জোরদার, আহতদের উন্নত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর আগে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির ও আপার চিত্রালেও খাদে যানবাহন পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।



