বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।
সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল এবং আরমান-রুমানা ইসলাম মুক্তি প্যানেলের মধ্যে।
শিবা শানু-জয় চৌধুরীর প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, আরমান-রুমানা ইসলাম মুক্তির প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচন করছেন।
এছাড়া ১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার শিল্পী সমিতির কোনো পদে নির্বাচন করছেন না।



