মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচরগুল সীমান্তে ভারত থেকে ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুচরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু। পরে তাদের অন্য একটি সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিন ও রাত—উভয় সময়েই টহল কার্যক্রম কয়েক গুণ বাড়ানো হয়েছে।



