জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার, আহত যোদ্ধাদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হয়নি।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে এসব দাবি তুলে ধরেন শহীদ পরিবারের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে শতাধিক শহীদ পরিবারের সদস্য অংশ নেন। অনুষ্ঠানে তারা সন্তান ও স্বজন হারানোর বেদনা তুলে ধরে হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানান।
শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুল রব মিয়া বলেন, জুলাই এলেই সন্তান হারানোর স্মৃতি ফিরে আসে। তিনি তার ছেলের হত্যার বিচার এবং সব জুলাই শহীদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, আর কোনো বাবা-মায়ের কোল যেন খালি না হয়। তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের জন্য সরকারি সহায়তা এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা বলেন, পরিবারের সংকটের সময় পর্যাপ্ত সহায়তা পাননি। তিনি সব শহীদ পরিবারের জন্য সমান সহায়তা এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।
শহীদ আলভীর বাবা আবুল হাসান অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হয়নি। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য দেওয়া আহত জুলাই যোদ্ধারাও চিকিৎসা, পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, আন্দোলনে আহত অনেকেই এখনো শারীরিক ও আর্থিক সংকটে রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে সরকারের মন্ত্রী, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



