দেশের সব ৬৪টি জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমানে দেশের ৪৯টি জেলায় রেল সংযোগ রয়েছে এবং বাকি জেলাগুলোতেও ধাপে ধাপে রেলসেবা সম্প্রসারণ করা হবে।
শুক্রবার রাতে নেত্রকোণা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশন পরিদর্শন করেন।
দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী নেত্রকোণার বিভিন্ন উন্নয়ন ও কর্মসূচিতে অংশ নেন। মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পথসভা এবং বিভিন্ন হাওর এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেন।
তার সঙ্গে সফরে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। রেলপথে যানজট কমাতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেনে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে দূরত্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রেল খাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে লোকোমোটিভ ও কোচ সংকট। এসব সমস্যা সমাধানে নতুন ইঞ্জিন ও বগি সংগ্রহের পাশাপাশি অকেজো ইঞ্জিন মেরামতের কাজ চলছে। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে সরঞ্জাম সংগ্রহে সময় লাগছে।
নেত্রকোণা রেলস্টেশনের আধুনিকায়ন নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। স্টেশনের ওয়েটিং রুম উন্নয়ন, টয়লেট নির্মাণ এবং আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন রেললাইন প্রকল্পগুলো এখনো সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সব প্রকল্প বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের রেলসেবাকে আধুনিক, নিরাপদ ও সহজলভ্য করা এবং ধাপে ধাপে সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা।



