বাংলাদেশ দ্রুত ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বড় অবকাঠামো পরিকল্পনার কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বিদেশি সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেট এবং ফান্ড ম্যানেজারদের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগ বাংলাদেশে আসছে। বাজেটে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামকে একটি লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তুলতে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ফ্রি জোন, নতুন বন্দর, কার্গো ও প্যাসেঞ্জার হাব এবং চায়না ইকোনমিক জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন, মাতারবাড়ী প্রকল্প এবং বন্দর সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রামকে অর্থনৈতিক করিডরে রূপান্তরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে, তবে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে। বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।



