হামের টিকা সংগ্রহে অবহেলা এবং এ কারণে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আবেদনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে আদালতের আদেশ এখনো দেওয়া হয়নি।



