ভ্যাপসা গরম ও চলমান মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। আজ থেকে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের শেষদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



