প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস, আস্থা ও গৌরবের প্রতীক। তিনি বলেন, আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-কে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সুশৃঙ্খলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই অর্জনের জন্য বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠা প্রশংসনীয়।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যরাই পিজিআরে দায়িত্ব পালন করেন। তাই পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার সমন্বয়ে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর দক্ষতা ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা দেশের ইতিহাসে গৌরবের অংশ হয়ে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা হুমকির পাশাপাশি সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন প্রযুক্তি ও তথ্যযুদ্ধের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব মোকাবিলায় পিজিআরসহ সব বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর ও এসএসএফের মতো বিশেষায়িত বাহিনীকেও আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে অনুসরণ করলে সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।



