চীন ও রাশিয়া চলতি সপ্তাহে পূর্ব চীনের সমুদ্র ও আকাশসীমায় বার্ষিক যৌথ নৌ-সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। সোমবার (৬ জুলাই) শুরু হওয়া এই মহড়া ১৩ জুলাই পর্যন্ত চলবে।
চিংদাও উপকূলে অনুষ্ঠিত এ মহড়ায় দুই দেশের নৌবাহিনী আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ এবং সমুদ্রপৃষ্ঠে আকস্মিক হামলা মোকাবিলার কৌশলগত অনুশীলন করবে।
রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি কর্ভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে চিংদাও বন্দরে পৌঁছেছে। অন্যদিকে চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহ জাহাজ ও একটি উদ্ধারকারী জাহাজ মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগর-এর নির্দিষ্ট এলাকায় যৌথ টহল পরিচালনা করবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের কৌশলগত ও সামরিক সহযোগিতা জোরদারের ধারাবাহিকতায় এই মহড়া গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভ্লাদিমির পুতিন-এর চীন সফর এবং শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বার্তা পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে চীন ও রাশিয়া নিয়মিতভাবে ‘জয়েন্ট সি’ নামে এই যৌথ নৌ-মহড়া পরিচালনা করে আসছে।



