নওগাঁর পোরশা উপজেলায় একটি শূকরের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুশফিকা জান্নাতি নামে ছয় মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির নানি কুলসুম বেগম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মুশফিকা জান্নাতি উপজেলার সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম বেগম একই গ্রামের আব্দুল গণির কন্যা।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, কুলসুম বেগম নাতনিকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইগাছী বাজারে যাচ্ছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কে উল্টে যায়।
দুর্ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও ছয় মাসের শিশু মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত কুলসুম বেগম বর্তমানে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



